Sunday, June 21, 2026

ব্যাংক খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য সরকারের

Share

আসন্ন ২০২৬–২৭ অর্থবছরে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার প্রস্তাব করেছে সরকার।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার প্রথম জাতীয় বাজেট উপস্থাপন করেন।

বাজেট বক্তৃতায় তিনি জানান, ২০২৬–২৭ অর্থবছরের জন্য বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৬ শতাংশের সমান।

এই ঘাটতি অর্থায়নের জন্য ১ লাখ ২৭ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে এবং ১ লাখ ১৬ হাজার কোটি টাকা বৈদেশিক উৎস থেকে সংগ্রহের প্রস্তাব করা হয়েছে।

অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহযোগ্য অর্থের মধ্যে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ হিসেবে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর আগের অর্থবছরে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১৮ হাজার কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, সে হিসেবে আগামী অর্থবছরে ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ ৬ হাজার কোটি টাকা কমানোর প্রস্তাব করা হয়েছে।

সরকারের মতে, ব্যাংক খাতের ওপর ঋণ নির্ভরতা কিছুটা কমিয়ে বাজেট ঘাটতি অর্থায়নে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎসের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করা হচ্ছে।

Read more

Local News