Thursday, September 17, 2026

ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৭

Share

ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। 

গতকাল সোমবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেডের বিচক্রাফট সি৯০ মডেলের উড়োজাহাজটি দিল্লিতে যাচ্ছিল।

এয়ার অ্যাম্বুলেন্সটি ঝাড়খণ্ড রাজ্যের কাসারিয়া এলাকায় বিধ্বস্ত হয় বলে জানায় ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। এতে দুই ক্রুসহ মোট সাত আরোহী ছিলেন।

উড়োজাহাজটি আবহাওয়ার কারণে পথ পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল। উড্ডয়নের ২৩ মিনিটের মধ্যেই এটি এয়ার ট্রাফিক রাডারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে।

রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ডিজিসিএ জানায়, অনুসন্ধান ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছে। পাশাপাশি এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর একটি দলও সেখানে পাঠানো হচ্ছে।

স্থানীয় পুলিশ সুপার সুমিত কুমার আগারওয়াল নিহতের বিষয়টি বার্তা সংস্থা এএনআইকে নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত ১০টার দিকে আমরা দুর্ঘটনার খবর পাই… দুর্গম অঞ্চল হওয়ার কারণে সেখানে পৌঁছানো কঠিন ছিল… তদন্তের জন্য দিল্লি থেকে একটি দল আসবে এবং ব্ল্যাক বক্স উদ্ধারের চেষ্টা করবে… মোট সাতজন নিহত হয়েছেন।

গত মাসে মহারাষ্ট্রের এক আঞ্চলিক নেতা এবং আরও চারজন উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হন। তাদের ভাড়া করা উড়োজাহাজটি বারামতি শহরে অবতরণের সময় বিধ্বস্ত হয়।

Read more

Local News