Wednesday, August 19, 2026

ইনস্টাগ্রামের লোগোতে পরিবর্তন, বদলে গেল লেখার ধরন

Share

ইনস্টাগ্রাম তাদের লোগোর লেখার অংশে পরিবর্তন এনেছে। প্রায় এক দশক পর নতুন ওয়ার্ডমার্ক উন্মোচন করেছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। ওয়ার্ডমার্ক বলতে কোনো প্রতিষ্ঠানের নামকে শুধু অক্ষর বা লেখার মাধ্যমে তুলে ধরা লোগোকে বোঝায়।

প্রযুক্তিবিষয়ক সাময়িকী টেকক্রাঞ্চের প্রতিবেদনে এসব জানানো হয়।

ইনস্টাগ্রামের ভাষ্য, দীর্ঘদিন একই নকশা ব্যবহারের পর আগের ওয়ার্ডমার্কটি কিছুটা পুরোনো মনে হচ্ছিল। তাই নতুন করে সাজানো হয়েছে ‘Instagram’ লেখাটিকে।

বৃহস্পতিবার ইনস্টাগ্রাম ও থ্রেডসে নতুন নকশাটি প্রকাশ করেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি। 

তার ভাষায়, নতুন ওয়ার্ডমার্কটি আরও আধুনিক, তবে এতে ইনস্টাগ্রামের পুরোনো নকশার পরিচিতিও রাখা হয়েছে।

লোগো বদলানো নিয়ে ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ নতুন নকশার প্রশংসা করেছেন, আবার কেউ পুরোনো লোগোটিই বেশি পছন্দ করেছেন। নতুন ফন্টের প্রশংসাও করেছেন অনেকে।

তবে ফন্টটি নিয়ে মজার মন্তব্যও আছে। কারও কারও চোখে নতুন ‘Instagram’ শব্দটি দেখতে ‘Instagzam’এর মতো লাগছে। বিশেষ করে ‘r’ অক্ষরের নকশার কারণে এমনটা মনে হচ্ছে। অবশ্য ইনস্টাগ্রাম এতটাই পরিচিত একটি নাম যে, নতুন নকশা দেখেও মানুষ সহজেই বুঝতে পারবে, সেখানে ‘Instagram’ লেখা।

নতুন ফন্টে হাতের লেখার মতো একটা ভাব রয়েছে। বিশেষ করে ‘s’, ‘r’ ও ‘g’ অক্ষরে পুরোনো দিনের কার্সিভ লেখার ছাপ দেখা যায়। বিষয়টি কিছুটা অদ্ভুতও মনে হতে পারে। কারণ এখনকার তরুণদের অনেকেই আর আগের মতো কার্সিভ হাতের লেখা শেখে না। ফলে ‘s’ অক্ষরটি কারও কারও কাছে ছোট নৌকার পালের মতোও মনে হতে পারে!

ইনস্টাগ্রাম এর আগে বড় ধরনের নকশা পরিবর্তন করেছিল ২০১৬ সালে। তখন তারা পুরোনো বাদামি রঙের ক্যামেরা ও রংধনু-ধারার আইকন বাদ দিয়ে রঙিন গোলাপি গ্রেডিয়েন্টের নতুন আইকন চালু করে। সেই আইকন এখনো ব্যবহার করা হচ্ছে।

নতুন ওয়ার্ডমার্কের পাশাপাশি ইনস্টাগ্রামের অ্যাপ আইকন বা অন্য কোনো ডিজাইনেও পরিবর্তন আসছে কি না, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে মেটা এখনো কোনো মন্তব্য করেনি।

Read more

Local News