Thursday, September 3, 2026

পরমাণু আলোচনা: কয়েক দিনের মধ্যে পাল্টা খসড়া প্রস্তাব দিতে পারে ইরান

Share

পরমাণু কর্মসূচি নিয়ে চলতি সপ্তাহের আলোচনায় যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্য পর্যায়ে নামিয়ে আনার দাবি জানায়নি এবং তেহরানও সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিতের কোনো প্রস্তাব দেয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

আজ শুক্রবার মার্কিন টেলিভিশন চ্যানেল এমএস নাও-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে আমরা একটি পাল্টা খসড়া প্রস্তাব তৈরি করব, যা আমাদের উচ্চপদস্থ কর্মকর্তারা পর্যালোচনা করবেন।’

খসড়া প্রস্তাব তৈরির পর খুব কাছাকাছি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আলোচনা শুরু হবে বলে ইঙ্গিত দেন আরাগচি।

তবে, মার্কিন প্রতিনিধি দলের কাছে কবে নাগাদ এই পাল্টা প্রস্তাব জমা দেওয়া হবে—সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেনি তিনি।

আব্বাস আরাগচি বলেন, ‘কূটনৈতিক সমঝোতা সম্ভব এবং তা খুব অল্প সময়ের মধ্যেই অর্জন করা যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন পরমাণু কর্মসূচি ও সমৃদ্ধকরণ প্রক্রিয়া ভবিষ্যতে শান্তিপূর্ণ রাখার বিষয়ে আলোচনা করছি।’

পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ রাখতে প্রযুক্তিগত এবং রাজনৈতিক আস্থা তৈরির জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আব্বাস আরাগচি।

একইসঙ্গে এর বিনিময়ে যুক্তরাষ্ট্রও নিষেধাজ্ঞা তোলার বিষয়ে কিছু পদক্ষেপ নেবে বলে তেহরান আশা করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

আরাগচির মন্তব্যের পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ১০ থেকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেন। এ সময়ের মধ্যে চুক্তি না হলে ইরানকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

Read more

Local News