Friday, April 3, 2026

পলিটিক্যাল থ্রিলার ‘মাস্টার’ নিয়ে উচ্ছ্বসিত বাঁধন, আজ যাচ্ছেন নেদারল্যান্ডসে

Share

রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে আজ শুক্রবার নেদারল্যান্ডসে যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই চলচ্চিত্র উৎসবেই ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘মাস্টার’।

সিনেমার পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত ইতোমধ্যে সেখানে পৌঁছে গেছেন।

এ বিষয়ে বাঁধন বলেন, ‘আমার অভিনীত মাস্টার সিনেমা রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে লড়ছে, এটি আমার জন্য অনেক খুশির খবর।’

তিনি বলেন, ‘আমাদের সঙ্গে এই সিনেমার অভিনেতা নাসির ভাই, অভিনেত্রী মমও যাচ্ছেন।’

রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের সিনেমা প্রদর্শনের বিষয়ে বাঁধন বলেন, ‘প্রতিযোগিতায় অংশ নেওয়া ছাড়াও মাস্টার সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ারও হতে যাচ্ছে। অবশ্য ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ২ ফেব্রুয়ারি। আমি ওয়ার্ল্ড প্রিমিয়ারে উপস্থিত থাকব। আশাকরি সবার অনুভূতির কথা জানতে পারব।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নতুন ধরনের একটি সিনেমায় অভিনয় করেছি। দর্শকরা যা আগে কখনো দেখেননি। এখানে আমাকে একটু নেতিবাচকভাবে দেখবেন। ইউএনওর চরিত্রে অভিনয় করেছি। সেই হিসেবে আমার জন্য নতুন অভিজ্ঞতা।’

সিনেমার বিষয়বস্তু নিয়ে তিনি বলেন, ‘পলিটিক্যাল থ্রিলার সিনেমা মাস্টার। সময় উপযোগী গল্প। মানুষ দেখে অনেক কিছু অনুভব করতে পারবেন। সময়ের সঙ্গে সঙ্গে কত কী হয়, কত অবক্ষয় হয়।’

পরিচালক সম্পর্কে বাঁধন বলেন, ‘পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত একজন ভালো মানুষ। দারুণভাবে গল্পটি বলেছেন। যত্ন নিয়ে কাজ করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমার সহশিল্পীরা ভীষণ ভালো অভিনয় করেছেন। তাদের সঙ্গে কাজ করেও ভালো লেগেছে  বড় বিষয় হলো ভালো একটি টিমের সঙ্গে কাজ করেছি।’

Read more

Local News