Friday, November 27, 2026

বৈষম্যমূলক স্থাপনা, প্রাণ-প্রকৃতির ক্ষয় ও দায়িত্বশীল পর্যটন

Share

হেমন্তের পর থেকে শীতকাল জুড়েই মূলত বাংলাদেশের মানুষ ঘোরাঘুরি করে। তবে সমকালে হাওর ও পাহাড়ে বর্ষাকালও হয়ে উঠছে এক নতুন পর্যটন মৌসুম।

যদিও বাংলাদেশের মানুষের পর্যটনের ঐতিহাসিক অভিজ্ঞতার বয়স খুবই নতুন। ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের দুনিয়া কাঁপানো ঘুরে বেড়ানোর গল্পগুলো আমাদের ‘আদি পর্যটন বৃত্তান্ত’। কৃষিনির্ভর গ্রামীণ সমাজে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা আজকের নিওলিবারেল সময়ের মতো কাঠামোগত ছিল না। বিয়ে-শাদি, উৎসব-পার্বণ, আড়ং, মেলা, ধর্মস্থল দর্শন কিংবা দূরের গঞ্জ-হাটে মৌসুমি যাতায়াতই গ্রামীণ জনগণের ঘুরে বেড়ানোর জায়গা ছিল একসময়।

হজ কিংবা গয়া-কাশী তীর্থযাত্রা ছাড়া কদাচিৎ গ্রামাঞ্চলে উচ্চশিক্ষার্থে বিদেশ যাওয়ার কথা শোনা যেত। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কিংবা বিদেশে শ্রমিকদের কর্মক্ষেত্র তৈরি হওয়ায় গ্রামাঞ্চলের বহু তরুণের বিদেশযাত্রার নতুন পথ তৈরি হয়।

কলোনিয়াল লিগাসির ভেতর দিয়েই মূলত গড়ে উঠেছে আজকের পর্যটনভিত্তিক মুনাফার খাত। দেশজুড়ে মূলত শহুরে মধ্যবিত্তের ঘুরে-বেড়ানোর সংস্কৃতি এখনো কাঠামোবন্দি না হলেও, প্রতিদিন নতুন নতুন এলাকায় বাণিজ্যিক পর্যটন ছড়িয়ে পড়ছে। আদিবাসী ভূখণ্ডকে ‘আমেরিকা’ হিসেবে ‘আবিষ্কার’ করার মতো কলম্বাসীয় কায়দায় দেশের নানা অঞ্চল আজকে নতুনভাবে ‘এক্সপ্লোর’ করা হচ্ছে। আর এই ‘এক্সপ্লোরবাজি’ দেশের সর্বপ্রান্তের বাস্তুতন্ত্র ও জনসংস্কৃতিতে তৈরি করছে নয়া সংকট, বিচ্ছিন্নতা ও ঝুঁকি।

১৯৯০ পর্যন্ত কক্সবাজার, সিলেটের জাফলং, মৌলভীবাজারের মাধবকুন্ড ও চা-বাগান, মধুপুর শালবন ও ভাওয়াল গড়, কুমিল্লার ময়নামতি, সুন্দরবন, বগুড়ার মহাস্থানগড়, নওগাঁর পাহাড়পুর কিংবা রাঙ্গামাটির কাপ্তাই লেক ছিল দেশের বহুল দর্শনীয় পর্যটনস্থল।

দুম করে পুরো ছবিটি বদলে গেল। বিনিয়োগ, দখল, দূষণ, দঙ্গলের বাহাদুরি প্রতিষ্ঠিত হতে থাকলো দেশের সর্বত্র—নাফাখুম থেকে হামহাম, সেন্টমার্টিন থেকে টাঙ্গুয়ার হাওর। ‘পর্যটনের’ নামে এই অনিয়ন্ত্রিত যাত্রা প্রাণবৈচিত্র্য, বাস্তুতন্ত্র কিংবা স্থানীয় সংস্কৃতি কাউকে রেহাই দেয়নি। পাহাড়ের চূড়া থেকে হাওরের তলদেশ পর্যন্ত স্তূপ করেছে বিষাক্ত প্লাস্টিক বর্জ্য। পাহাড়, জঙ্গল, সমুদ্রসৈকত সব চুরমার করা হচ্ছে।

কোনো নদী, বন, পাহাড়, জলা, জমি, স্থানীয় জীবনব্যবস্থা কিংবা ঐতিহাসিক স্থল কীভাবে দেখতে হয় বা কীভাবে একাত্ম হতে হয়, এসব সামাজিক শিক্ষার প্রচলন রাষ্ট্র করেনি। প্রচলিত পাঠ্যপুস্তক এবং বিদ্যায়তন সর্বভূমি ও বসতির প্রতি আমাদের দায়িত্বশীল হতে শেখায় না। তাই দেখা যায়, সুন্দরবন বা সমুদ্রসৈকতের মতো প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) জবরদখল করেও গড়ে তোলা হয়েছে বিতিকিচ্ছিরি অবকাঠামো। সাজেকে পাহাড়ের বাস্তুতন্ত্র ও স্থানীয় সাংস্কৃতিক বৈচিত্র্য বিনষ্ট করে গড়ে তোলা হয়েছে অনিয়ন্ত্রিত বিপজ্জনক অবকাঠামো।

এই বিপদযাত্রাকে আরও বেশি উসকে দিয়েছে ফেসবুক ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। ‘ভাইরাল’ হওয়ার প্রবল জ্বালা আমাদেরকে দায়বদ্ধ পর্যটক হিসেবে গড়ে তুলতে পারছে না। আগ্রাসী মানুষ পাখির বাসার ছবি তোলার জন্য ছানা পাখি থেকে মা পাখিকে আলাদা করেছে; বহু আদিবাসী গ্রামে ঘরের ভেতর বা জুম খেতে ঢুকে সম্মতি ছাড়াই পটাপট ছবি তুলেছে।

বৃহৎ বাঁধ, রাসায়নিক কৃষি, করপোরেট খনন, মনোকালচার, ইনভ্যাসিভ-এলিয়েন প্রজাতির বাগান, স্থাপনা, নয়া বসতি স্থাপন কেবলমাত্র নয়; পর্যটনের নামে চলমান স্থাপনা-বাণিজ্য দেশের বহু এলাকার প্রাকৃতিক ও সাংস্কৃতিক স্বরলিপি বিনষ্ট করে চলেছে। প্রাণ-প্রজাতি ও বাস্তুতন্ত্রের ক্ষয়ক্ষতিসহ পর্যটকদের জীবনও বিপন্ন হয়েছে। ৩০টি এগ্রোইকোলজিক্যাল জোন, ১৭টি হাইড্রলজিক্যাল রিজিয়ন, ১৪১৫ নদী, ৪১টি মাতৃভাষা, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ও সমুদ্রসৈকতের এই দেশে স্থানীয় প্রকৃতি ও সংস্কৃতিকে প্রধান বিবেচনায় রেখে সৃজনশীল দায়বদ্ধ পর্যটন গড়ে ওঠা জরুরি।

হাওর, উপকূল, অরণ্য, পাহাড়, চা-বাগান, বরেন্দ্র, গড়, চরাঞ্চল, দ্বীপ ও টিলা-ঝর্ণা এলাকার প্রতিবেশ ব্যবস্থা অনুযায়ী স্থাপনা ও অবকাঠামো নির্মাণে জোনিংসহ সুনির্দিষ্ট নীতিমালা জরুরি। সংরক্ষিত ও ইসিএ এলাকায় স্থাপনা নির্মাণ নিষিদ্ধ হলেও স্থানীয়ভাবে এসব রাষ্ট্রীয় আইন অমান্য করা হচ্ছে। কক্সবাজার সমুদ্রসৈকত জুড়ে গড়ে উঠেছে বিপজ্জনক স্থাপনা। টাঙ্গুয়ার হাওরের মতো রামসার সাইট তছনছ হয়ে যাচ্ছে যান্ত্রিক যানের চাপে। উল্লুক গিবনের আশ্রয়স্থল লাউয়াছড়া বনের চারধার জুড়ে গড়ে উঠেছে বিচিত্রসব রিসোর্ট।

সব সরকারের আমলেই এসব ঘটছে। তাহলে আইন অমান্য হচ্ছে কীভাবে? দেশের সব বাস্তুতন্ত্রে গড়ে ওঠা পর্যটনভিত্তিক বাণিজ্যিক স্থাপনা ও রিসোর্টকে জবাবদিহির আওতায় আনা জরুরি। স্থানীয় সরকার ও প্রশাসনকে এ ক্ষেত্রে দায়িত্বশীল ন্যায্যতাকে তৎপর করতে হবে।

সাজেক ভ্যালি থেকে কক্সবাজারের টুপটুপ রিসোর্ট

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালির রুইলুই পাড়া ছিল লুসাই আদিবাসীদের প্রাচীন বসতি অঞ্চল। কোনো বড় অগ্নিকাণ্ডের ঘটনা সেখানে আগে ঘটেনি। রুইলুই দখল করে যখন সাজেকে নতুন পর্যটন বাণিজ্য শুরু হলো এবং অনিয়ন্ত্রিত স্থাপনা গড়ে তোলা হলো, বিপদের শুরু তখন থেকেই।

২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে অঙ্গার হয়ে যায় সাজেক ভ্যালি। ‘অবকাশ ও সাজেক ইকোভ্যালি’ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। একইসঙ্গে পুড়ে যায় মেঘছোঁয়া, মেঘছুট কিংবা মনটানা রিসোর্ট। কোটি টাকার আর্থিক ক্ষতিসহ পুরো বাস্তুতন্ত্র ও জনজীবনে এক নতুন আশঙ্কা তৈরি হয়। সাজেকের অধিকাংশ স্থাপনা বাঁশ, কাঠ, বেত, শণের মতো দাহ্য উপাদানে তৈরি ছিল। কিন্তু সেখানে অগ্নিনির্বাপণ বা কোনো ফায়ার স্টেশন ও পর্যাপ্ত পানির ব্যবস্থা ছিল না। অথচ এসব রিসোর্ট নিজেদের ‘ইকোরিসোর্ট’ নামে আখ্যায়িত করতো। দীঘিনালা ও খাগড়াছড়ি থেকে ফায়ার সার্ভিস ইউনিট, সেনাবাহিনী, বিজিবি ও স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আসে।

ইকোরিসোর্ট নামধারী পর্যটন-স্থাপনার মাধ্যমে নিদারুণ ঘটনাটি ঘটে ২০২৬ সালের ১৭ অক্টোবর। ইনানী সমুদ্রসৈকতের পাটুয়ারটেক মেরিন ড্রাইভে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়। রিসোর্টটির একটি অংশ ইটের গাঁথুনি ও বাকি অংশ কাঠ, বাঁশ ও টিনের তৈরি ছিল। নিচে ছিল রান্নাঘর এবং এখান থেকেই আগুন ছড়িয়ে যায়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি জানায়, রিসোর্টটি অবৈধভাবে তৈরি করা হয়েছিল, পরিবেশগত ছাড়পত্র ছিল না।

২০২৬ সালের এপ্রিল থেকে নানা সময়ে টুপটুপসহ ২৬টি রিসোর্ট ও রেস্টুরেন্টকে নোটিশ দিয়েছিল পরিবেশ অধিদপ্তর। নোটিশ অমান্য করায় জরিমানা করা হয় ১৪টি রিসোর্টকে। ২০২৬ সালের ১৩ মে টুপটুপ রিসোর্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। কক্সবাজার এলাকায় কোনো রিসোর্ট বা রেস্তোরাঁর পরিবেশগত ছাড়পত্র পেতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে নকশা অনুমোদন করতে হয় এবং বর্জ্য ব্যবস্থাপনার প্ল্যান্ট থাকতে হয়। কক্সবাজার থেকে টেকনাফ মেরিন ড্রাইভের ৮০ কিলোমিটার এলাকায় আড়াইশ স্থাপনার বৈধতা পায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একইসঙ্গে কক্সবাজারের উপকূল বালিয়াড়ি হত্যা করে সড়ক ও স্থাপনা নির্মাণের বাহাদুরি অব্যাহত আছে।

প্রকৃতি ও সংস্কৃতি সংবেদনশীল স্থাপনা নির্মাণের মাধ্যমে দায়বদ্ধ পর্যটনখাত গড়ে তোলাও রাষ্ট্র সংস্কারের অন্যতম এজেন্ডা। এই এজেন্ডাকে আড়াল করা বা মুনাফার দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার মাধ্যমে বহুত্ববাদী ইনক্লুসিভ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।

ইসিএ এলাকায় আইন ভাঙছে কারা?

জাতিসংঘের আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য সনদ (সিবিডি ১৯৯২), রিও ঘোষণা, রামসার ঘোষণা, প্যারিস জলবায়ু চুক্তি (২০১৫) কিংবা ‘কুনমিং মন্ট্রিল গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ক  কেএমজিবিএফ (২০২২)’ স্থানীয় প্রকৃতি ও সংস্কৃতি সুরক্ষার ভেতর দিয়ে স্থায়িত্বশীল উন্নয়নের অঙ্গীকার করেছে। কেএমজিবিএফের ২৩টি বৈশ্বিক লক্ষ্য অনুযায়ী বাংলাদেশসহ সনদ সইকারী দেশগুলো তাদের ‘ন্যাশনাল বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজিক একশন প্ল্যান (এনবিএসএপি)’ তৈরি করে।

জাতীয় ও বৈশ্বিক অঙ্গীকার ও লক্ষ্য অনুযায়ী সংরক্ষিত ও ইসিএ এলাকায় স্থাপনা নির্মাণ এবং এর বাস্তুতন্ত্র ও প্রাণ-প্রজাতির বিনাশ নিষিদ্ধ। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের (১৯৯৫) ৫নং ধারা অনুযায়ী সরকার দেশের কোনো এলাকাকে ইসিএ ঘোষণা করতে পারে। যেসব অঞ্চলে প্রাণবৈচিত্র্য, প্রাকৃতিক ভারসাম্য পরিবেশগতভাবে মারাত্মক ঝুঁকিতে আছে এবং ধ্বংসের মুখে পড়েছে, সেসব এলাকাকেই ইসিএ ঘোষণা করতে পারে সরকার। বাংলাদেশের ইসিএ এলাকাগুলো হলো, সুন্দরবন (১০ কিলোমিটার পরিধিসহ), সেন্টমার্টিন দ্বীপ, কক্সবাজার-টেকনাফ সমুদ্রসৈকত, সোনাদিয়া দ্বীপ, টাঙ্গুয়ার হাওর, মারজাত বাওর, গুলশান-বারিধারা লেক, তুরাগ-বুড়িগঙ্গা-বালু-শীতলক্ষ্যা নদী।

ইসিএ এলাকায় কলকারখানা স্থাপন নিষিদ্ধ, পাহাড় কাটা বা মাটি ও বালু তোলা নিষিদ্ধ, প্রাণবৈচিত্র্যর ক্ষতি ও বন্যপ্রাণী শিকার নিষিদ্ধ, এলাকার মাটি-পানি ও বায়ুর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে এমন বাণিজ্যিক ও উন্নয়নমূলক কার্যক্রম নিষিদ্ধ। পরিবেশ সংরক্ষণ বিধিমালা (১৯৯৭) অনুযায়ী ইসিএ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ করা হয়। ইসিএ ব্যবস্থাপনা বিধিমালাতে (২০১৬) ইসিএ এলাকার ব্যবস্থাপনা, জাতীয় ও জেলা কমিটি গঠন এবং স্থানীয় সম্পৃক্ততার রূপরেখা আছে।

সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্রবন্দরের মতো বিনাশী উন্নয়ন বাণিজ্য থেকে সরে এলেও দ্বীপটি সুস্থ নেই। কয়েক দশকে সহস্র একর ম্যানগ্রোভ কেটে প্রভাবশালীরা বাণিজ্যিক চিংড়ি ঘের গড়ে তুলেছে। বিশ্বব্যাপি বিপন্ন চামচ ঠুঁটো বাটান পাখি ও বিরল কচ্ছপের বসতি দ্বীপটি আজ দখল ও দূষণে কাতর। সেন্টমার্টিন দ্বীপে জবরদখল করেই গড়ে তোলা হয়েছে অপরিকল্পিত স্থাপনা। টাঙ্গুয়ার হাওর থেকে হারিয়ে যাচ্ছে দেশি মাছ ও বুনো গোলাপের মতো বিরল প্রাণবৈচিত্র্য। তুরাগ-বুড়িগঙ্গা-বালু-শীতলক্ষ্যা নদী উদ্ধার ও সুরক্ষা নিয়ে কোনো সক্রিয় রাষ্ট্রীয় পরিকল্পনা নেই। বুড়িগঙ্গা সয়লাব হয়ে গেছে আগ্রাসী সাকার মাছে। কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে গড়ে তোলা হচ্ছে টুপটুপের মতো বিপজ্জনক অবৈধ স্থাপনা। ইসিএ এলাকায় চলমান বিনাশী তৎপরতা ও আইনভঙ্গের কোনো মনিটরিং, বিচার ও শাস্তি নেই কেন?

প্রকৃতি ও সংস্কৃতি নির্ভর স্থাপনা বিকশিত হোক

২০২০ সালের ৮ নভেম্বর ম্যারিয়ট হোটেল নির্মাণ বন্ধ, পাহাড় ও জীবন-জীবিকা সুরক্ষার দাবিতে বান্দরবান-চিম্বুক-থানচি সড়কে প্লুং বাঁশি বাজিয়ে ‘কালচারালাল শোডাউন’ করেছিল ম্রোরা। কংক্রিটের ইকোপার্ক থামাতে মধুপুর শালবন রক্ষায় ২০০৪ সালে জীবন দিয়েছিল পীরেন স্নাল।

আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠী কেন বহিরাগত এসব আগ্রাসী উন্নয়ন বাহাদুরিকে জানবাজি রেখে প্রশ্ন করে? কারণ, অধিকাংশ সময় বহিরাগত স্থাপত্য কৌশল, স্থাপনা নির্মাণের উপকরণ স্থানীয় প্রকৃতি ও সংস্কৃতি উপযোগী হয় না। নির্মিত অবকাঠামোগুলো স্থানীয় পরিবেশ ও জনজীবনে নতুন বিশৃঙ্খলা, বৈষম্য ও সংঘাত তৈরি করে।

প্লাস্টিক, বোর্ড, কাচ ও সিসা মিশ্রিত রঙের ব্যবহারের সঙ্গে কাঠ-বাঁশ ব্যবহার করলেই কোনো স্থাপনা ‘ইকো-রিসোর্ট’ হয়ে যায় না। ইকো-রিসোর্ট ধারণাটি এক আপাদমস্তক পরিবেশগত রাজনৈতিক অবস্থান। বাংলাদেশের বহু আদি স্থাপনা ও স্থাপত্য ভাবনায় পরিবেশগত স্থাপত্যরীতি অনুসরণ করা হয়েছে। ঢাকার কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের আরকুল মঠ এমনভাবে তৈরি, যা বর্তমানে ঢাকায় সবুজ টিয়া পাখির সর্বশেষ বাসভূমি। সিলেটের শাহজালাল মাজার, বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ, দিনাজপুরের কান্তজীর মন্দিরসহ বহু প্রাচীন স্থাপনা কেবলমাত্র মানুষ নয়, স্থানীয় বহু প্রাণ-প্রজাতিকেও আশ্রয় দেয়।

সংবিধানের ১৮ (ক) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবে এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ, নিরাপত্তা বিধান করবে। ইসিএস এবং সংরক্ষিত এলাকাসহ দেশের সব বাস্তুতন্ত্রের প্রকৃতি ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে প্রাণবিক স্থাপত্যশৈলী ও দায়িত্বশীল ইনক্লুসিভ পর্যটন বিকশিত করা রাষ্ট্রের সাংবিধানিক অঙ্গীকার।

 

পাভেল পার্থ: গবেষক ও লেখক
[email protected]

Read more

Local News