Saturday, August 15, 2026

মুক্তির আগেই অনলাইনে ফাঁস থালাপতি বিজয়ের সিনেমা, বক্সঅফিসে ক্ষতির আশঙ্কা

Share

থালাপতি বিজয়ের সম্ভাব্য শেষ সিনেমা জন নায়গন সম্প্রতি বিভিন্ন কারণে আলোচনায় এসেছে। সবচেয়ে বড় কারণ হলো, সিনেমাটি বড় পর্দায় মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে।

পিঙ্কভিলার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সিনেমাটি আগে ৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সার্টিফিকেশন সংক্রান্ত সমস্যার কারণে নির্ধারিত সময়ে এটি মুক্তি পায়নি। এরপর ৯ এপ্রিল পুরো সিনেমাটি অনলাইনে ফাঁস হয়ে যায় এবং সামাজিক মাধ্যমে বিভিন্ন দৃশ্য ছড়িয়ে পড়ে।

এই ঘটনা প্রকাশ পাওয়ার পর থালাপতি বিজয়ের ভক্তরা বেশ উদ্বেগ প্রকাশ করেন। অনেকেই মনে করছেন, এতে সিনেমাটির বক্স অফিসে বড় ধরনের ক্ষতি হতে পারে।

কিছু ভক্ত সামাজিক মাধ্যমে লিখেছেন, সিনেমাটি যত দ্রুত সম্ভব প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া উচিত, নইলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

একজন ব্যবহারকারী লিখেছেন, পুরো সিনেমাটি এইচডি কোয়ালিটিতে ফাঁস হয়ে গেছে এবং এখন অনেকেই এটি শেয়ার করছে। দ্রুত কপিরাইট ব্যবস্থা নিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। তাই দ্রুত সিনেমাটি মুক্তি দেওয়া উচিত।

আরেকজন ভক্ত সবাইকে অনুরোধ করে বলেন, লিক হওয়া ভিডিও ডাউনলোড বা শেয়ার না করতে এবং সিনেমাটি হলে গিয়ে দেখার জন্য।

প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির বাজেট প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি রুপি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রযোজক ও সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) মধ্যে কিছু সমস্যার কারণে সিনেমার মুক্তি বিলম্বিত হয়।

সিনেমাটি পরিচালনা করেছেন এইচ বিনোদ এবং প্রযোজনা করেছেন ভেঙ্কট কে নারায়াণ। এতে থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, প্রকাশ রাজ, প্রিয়ামনি প্রমুখ।

Read more

Local News