Sunday, July 12, 2026

‘মন্ত্রীর বউ হিসেবে আমাকে দর্শকরা একশোতে একশো দিয়েছেন’

Share

আজমেরী হক বাঁধন অভিনীত নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এবারের ঈদে মুক্তি পেয়েছে। মুক্তির পর দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছে সিনেমাটি। দর্শকরা সিনেমায় বাঁধনের চরিত্রটিকেও বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন। 

এই সিনেমার জন্য একাধিকবার তিনি হল পরিদর্শনে গেছেন। এতে তিনি মন্ত্রীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ।

 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন দ্য ডেইলি স্টারের সঙ্গে এই সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন।  

বনলতা এক্সপ্রেস মুক্তির প্রথম সপ্তাহ সাফল্যের সঙ্গে শেষ করে দ্বিতীয় সপ্তাহে পা দিচ্ছে— কেমন লাগছে? এর জবাবে বাঁধন বলেন, ‘এটা খুব আনন্দের। এই সিনেমার একজন অভিনয়শিল্পী হিসেবে বিষয়টি অনেক আনন্দের। আমার অভিনীত “এষা মার্ডার” কিংবা “রেহানা মরিয়ম নূর”— দর্শকরা দেখেছেন, প্রশংসা করেছেন কিন্তু এত সাড়া পায়নি। তবে বনলতা এক্সপ্রেস অনেক বেশি সাড়া পেয়েছে। দর্শকরা ভালোবাসায় সিক্ত করেছেন।’

 

‘নিজের সিনেমা হাউসফুল যাচ্ছে, দর্শকরা টিকিট পাচ্ছেন না, দল বেঁধে দেখছেন— এই বিষয়গুলো সত্যিই খুশির’, বলেন বাঁধন।

বাঁধন আরও বলেন, ‘আমি আগেও বলেছি, আবারো বলছি— বনলতা এক্সপ্রেসের জনপ্রিয়তা উৎসবকে ছাড়িয়ে যাবে।’

হলে গিয়ে নিজের সিনেমা কতবার দেখেছেন? বাঁধন বলেন, ‘পুরোটা একবার দেখেছি মেয়েকে নিয়ে। তাও টিকিট পেতে হয়েছে কষ্ট করে। আরও ৭-৮ বার দেখেছি হল ভিজিট করতে গিয়ে। একটু একটু করে। শেষের অংশটুকু হয়তো দেখেছি।’

 

দর্শকদের প্রতিক্রিয়া কেমন লেগেছে? বাঁধন এই প্রশ্নের জবাবে বলেন, ‘দর্শকদের প্রতিক্রিয়া অনেক ভালো লেগেছে। দেখুন, হুমায়ুন আহমেদ স্যারের ফ্যান অনেক। পরিচালক তানিম নূর হুমায়ুন স্যারের গল্পটাকে ঠিকঠাকভাবে সিনেমায় রূপ দিয়েছেন। সবাই হয়তো ঠিকভাবে পারতেন না। এর আগে অনিমেষ আইচ “মিসির আলী” নির্মাণ করে দারুণভাবে সফল হয়েছেন। একই ভাবে তানিম নূরও খুব ভালো করেছেন।’

 

বাঁধন বলেন, ‘দর্শকরা কখনো হাসছেন, কখনো কাঁদছেন। তারা খুব খুশি। তানিম নূরের সফল নির্মাণের জন্যই সম্ভব হয়েছে। পুরো টিমও ভালো ছিল।’

প্রথমবারের মতো মন্ত্রীর স্ত্রীর চরিত্রে অভিনয় করার অনুভূতি নিয়ে বাঁধন বলেন, ‘দর্শকরা পুরো সিনেমার প্রশংসা যেমন করেছেন, শিল্পীদের নাম ধরে ধরেও প্রশংসা করেছেন। সেখানে আমার চরিত্র নিয়েও অনেকে প্রশংসা করেছেন। বিশেষ করে, চঞ্চল চৌধুরী ও আমার অভিনয়ের জন্য অনেক ভালোবাসা-প্রশংসা পেয়েছি দর্শকদের কাছ থেকে। আমাদের দুজনের কেমিস্ট্রি দর্শকরা গ্রহণ করেছেন। মন্ত্রীর বউ হিসেবে আমাকে দর্শকরা একশোতে একশো দিয়েছেন।’

 

এদেশের দর্শকরা আসলে কী চায়? এই প্রশ্নের উত্তরে বাঁধন বলেন, ‘দর্শকরা ভালো গল্প চায়। সিনেমার গল্প ভালো হলে দর্শকরা হলে দেখতে যান। উৎসব দেখেছেন। একইভাবে এখন তারা বনলতা এক্সপ্রেস দেখছেন।’

ঈদে মুক্তি পাওয়া আর কী কী সিনেমা ছাড়া সিনেমা দেখেছেন? বাঁধন বলেন, ‘প্রেশার কুকার দেখেছি। নাজিফা তুষি ভীষণ ভালো করেছেন। রায়হান রাফী দারুণ করেছেন নির্মাণে। দম সিনেমা ভালো লেগেছে। আফরান নিশো অসাধারণ অভিনয় করেছেন। ঈদের তিনটি সিনেমা দেখেছি। বাকি দুটো আগামীতে দেখব।’

 

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দেশে ভিন্ন ভিন্ন গল্পের সিনেমা হচ্ছে। দর্শকরা সেখান থেকে সেরাটা বেছে নিচ্ছেন।’

সবশেষে তিনি বলেন, ‘আমি ভায়োলেন্ট সিনেমার পক্ষপাতী নই। ভালো গল্পের পক্ষে। বনলতা এক্সপ্রেস সিনেমায় সুন্দর গল্প আছে।’

Read more

Local News