Saturday, September 12, 2026

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাতে হিজবুল্লাহ জড়ালে লেবাননে কঠোর হামলা: ইসরায়েল

Share

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সংঘাত শুরু হলে তাতে হিজবুল্লাহ যোগ দিলে লেবাননে কঠোর হামলা চালানো হবে বলে পরোক্ষ বার্তা দিয়েছে ইসরায়েল।

আজ মঙ্গলবার লেবাননের দুই শীর্ষ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তারা বলেন, ‘সম্ভাব্য হামলায় লেবাননের বেসামরিক অবকাঠামো এমনকি বৈরুতের বিমানবন্দরও লক্ষ্যবস্তু হতে পারে।’

এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য জানা যায়নি।

আগামী বৃহস্পতিবার জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হবে।

এর আগে ২০২৪ সালের যুদ্ধে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলে ইসরায়েল।

ওই যুদ্ধে গোষ্ঠীটির নেতা হাসান নাসরাল্লাহসহ অনেক যোদ্ধা নিহত হন এবং তাদের বিপুল অস্ত্রভাণ্ডার ধ্বংস করা হয়।

হিজবুল্লাহর বর্তমান নেতা নাঈম কাশেম সম্প্রতি টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, ‘ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান পরিস্থিতিতে হিজবুল্লাহের অবস্থান নিরপেক্ষ নয়। সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হিসেবেই নিজেদের দেখছি আমরা।’

তিনি আরও বলেন, ‘আমরা আত্মরক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। হস্তক্ষেপের ব্যাপারে আমরা সঠিক সময়ে সিদ্ধান্ত নেব।’

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বৈরুতে মার্কিন দূতাবাস থেকে সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হচ্ছে।

Read more

Local News