Wednesday, September 16, 2026

শরীয়তপুরে খোকন দাস হত্যায় তিন অভিযুক্ত গ্রেপ্তার

Share

শরীয়তপুরের ফার্মেসি মালিক ও বিকাশের এজেন্ট খোকন দাস (৫০) হত্যার ঘটনায় প্রধান তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার গভীর রাতে কিশোরগঞ্জের বাজিতপুর এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি সোহাগ, রাব্বি ও পলাশকে গ্রেপ্তার করা হয়েছে বলে রোববার জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

র‍্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল কোম্পানি কমান্ডার এএসপি শাহজাহানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করে। এতে র‍্যাব-৮ ও র‍্যাবের গোয়েন্দা শাখা (ইন্ট উইং), ঢাকা তথ্য দিয়ে সহায়তা করে।

শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান জানান, মৃত্যুর আগে খোকন দাস হামলাকারীদের মধ্যে কয়েকজনের নাম শনাক্ত করে বলে গেছেন।

তিনি জানান, পরেশ দাসের ছেলে খোকন দাস একজন ওষুধ ও বিকাশ ব্যবসায়ী ছিলেন। গত ৩১ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কেহরভাঙ্গা বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিল।

পথে বাড়ির কাছাকাছি তিলই এলাকায় পৌঁছালে তিন-চার জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

হামলাকারীদের মধ্যে কয়েকজনকে চিনে ফেলায় তারা খোকন দাসের শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা করে। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত ও দগ্ধ অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতরা স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত এবং তারা বিভিন্ন ধরনের মাদক সেবন করে বলে জানা গেছে।

Read more

Local News