ধরুন, আপনি মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে কাউকে ১০ হাজার টাকা পাঠাচ্ছেন। লেনদেনের নির্দেশ দেওয়ার পর আপনার ব্যাংক হিসাবের তথ্য, টাকার পরিমাণ এবং প্রাপকের পরিচয়—বিশেষ সাংকেতিক পদ্ধতিতে সুরক্ষিত হয়ে ইন্টারনেটের মাধ্যমে আদান-প্রদান হচ্ছে। মাঝপথে কোনো হ্যাকার সেই তথ্য হাতিয়ে নিলেও সাধারণভাবে তার পক্ষে সেগুলোর অর্থ উদ্ধার করা সম্ভব নয়। কারণ তথ্যগুলো এমন এক প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত, যার নাম ক্রিপ্টোগ্রাফি।
ব্যাংকের লেনদেন থেকে শুরু করে ব্যক্তিগত ই-মেইল, সরকারি গোপন নথি ও কূটনৈতিক যোগাযোগ—ডিজিটাল দুনিয়ার গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা অনেকটাই নির্ভর করে এই প্রযুক্তির ওপর।
কিন্তু এআই যদি সেই নিরাপত্তাব্যবস্থার ভিত্তিতে থাকা জটিল গাণিতিক সমস্যাগুলোর সমাধান করে ফেলতে পারে, তাহলে কী হবে? আপনার ব্যাংক লেনদেন থেকে শুরু করে রাষ্ট্রের গোপন নথি, তখন কতটা নিরাপদ থাকবে?
এমন আশঙ্কাই ভাবিয়ে তুলছে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের।
সম্প্রতি এআইয়ের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওপেনএআই ও অ্যানথ্রপিক গণিত ও সাইবার নিরাপত্তা বিষয়ে বেশ কিছু অগ্রগতির কথা ঘোষণা করে। যদিও বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি তারা।
এরপরই চলতি সপ্তাহের শুরুতে বিখ্যাত তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানী স্কট অ্যারনসন তার ব্লগে লিখেছেন, ‘একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি প্রায় নিশ্চিত যে, এআই ল্যাবগুলোর হাতে ক্রিপ্টোগ্রাফি বা সাংকেতিক তথ্য সুরক্ষার ক্ষেত্রে এক বা একাধিক বড় ধরনের অগ্রগতির তথ্য রয়েছে।’
এ বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বিশেষ প্রতিবেদনে বলা হয়, বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এসব তথ্য বাস্তবে কার্যকর হলে বিশ্বজুড়ে ডিজিটাল নিরাপত্তাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ঘটাতে পারে। আগামী কয়েক মাসের মধ্যেই এ নিয়ে বড় কোনো তথ্য সামনে আসতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
অ্যারনসন গার্ডিয়ানকে বলেন, ‘কী অগ্রগতি হয়েছে, তার ওপর নির্ভর করছে সম্ভাব্য বিপদের মাত্রা। তবে এমন কোনো অগ্রগতি হয়ে থাকলে হ্যাকারসহ অনেকের পক্ষেই খুব সহজে বিশ্বের গোপন যোগাযোগের তথ্যের সাংকেতিক সুরক্ষা ভেঙে ফেলা সম্ভব হতে পারে। এর মধ্যে রয়েছে ব্যাংক লেনদেনের তথ্য, কূটনৈতিক বার্তা এবং ব্যক্তিগত ই-মেইল।’
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক স্টিভেন মারডক দ্য গার্ডিয়ানকে বলেন, ‘যারা মনে করতেন, এআই দিয়ে উল্লেখযোগ্য কোনো গাণিতিক সমস্যার সমাধান সম্ভব নয়, তারা এখন ভুল প্রমাণিত হয়েছেন। এ পর্যায়ে এসে এআইয়ের সক্ষমতার সীমা কোথায়, তা স্পষ্ট নয়।’
বিখ্যাত ব্রিটিশ গণিতবিদ মার্কাস দ্যু সোতোয়ে এ বিষয়ে এক অনুষ্ঠানে বলেন, ‘এসব অগ্রগতির বৃহত্তর প্রভাব কী হতে পারে এবং এনক্রিপশন বা তথ্যের সাংকেতিক সুরক্ষার ওপর কতটা প্রভাব পড়বে, তা এখনো অজানা।’
তবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের সব ধরনের ডিজিটাল গোপন তথ্য সুরক্ষার কেন্দ্রবিন্দুতে থাকা সমস্যাটি নিয়ে কেউ কথা বলছেন না। কেন কেউ এ বিষয়ে কথা বলছেন না? আমাদের মধ্যে কেউ কেউ ভাবছেন, হয়তো সমস্যাটির সমাধান ইতোমধ্যে হয়ে গেছে। আর এর প্রভাব এতটাই ব্যাপক হতে পারে যে সবাই বিষয়টি গোপন রাখছেন।’
বিশেষজ্ঞদের অনেকেরই ধারণা ছিল, বর্তমানে প্রচলিত এনক্রিপশনব্যবস্থা এতো তাড়াতাড়ি ভেঙে ফেলা সম্ভব হবে না। ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটার এ সক্ষমতা অর্জন করতে পারে।
অধ্যাপক মারডক বলেন, ‘এজন্য কয়েক বছর ধরে উন্নত এনক্রিপশনব্যবস্থা তৈরির কাজ করছে বিভিন্ন দেশের সরকার, ব্যাংক ও গোয়েন্দা সংস্থা। তাদের লক্ষ্য ছিল ২০৩২ সালের মধ্যে নতুন ব্যবস্থায় পুরোপুরি রূপান্তর করা। কিন্তু সেই সময়সীমাও হয়তো ধরে রাখা সম্ভব হবে না।’
এআই এখন এনক্রিপশনের ভিত্তি হিসেবে ব্যবহৃত গণিতের জটিল সমস্যাগুলোর সমাধানে সক্ষমতা দেখাচ্ছে, যা নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। তারা মনে করছেন, ক্রিপ্টোগ্রাফি বা তথ্যের সাংকেতিক সুরক্ষা সম্পর্কে প্রচলিত ধারণায় আকস্মিক পরিবর্তন আসতে পারে। আর তা ঘটতে পারে খুব শিগগিরই।
অবশ্য এর উল্টো ফলও হতে পারে। এআইয়ের গবেষণায় হয়তো প্রমাণিত হতে পারে, প্রচলিত ধারণার চেয়েও তথ্যের এনক্রিপশন অনেক বেশি নিরাপদ।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বে বিভিন্ন ধরনের এনক্রিপশন পদ্ধতি চালু রয়েছে। এগুলোর ভিত্তি হিসেবে ব্যবহৃত অ্যালগরিদমও একেক রকম। ফলে এআই ঠিক কোন সমস্যার সমাধান করেছে এবং এর ফলে কোন কোন তথ্য সুরক্ষাব্যবস্থা ঝুঁকিতে পড়তে পারে, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে ভিন্ন ভিন্ন ধারণা রয়েছে।
কম্পিউটার বিজ্ঞানী অ্যারনসনের মতে, এ বিষয়ে অবগতরা ধরে নিয়েছেন যে এমন কিছু অগ্রগতি এরইমধ্যে হয়েছে।
তিনি বলেন, ‘গণিত ও কম্পিউটার বিজ্ঞানের বিশেষজ্ঞদের কাছে এসব অগ্রগতি বড় ধরনের ঘটনা। কারণ, তাদের কেউ কেউ সারাজীবন এসব সমস্যা নিয়ে গবেষণা করেছেন। আবার অনেকেই মনে করতেন, জীবদ্দশায় এসব সমস্যার সমাধান দেখে যেতে পারবেন না।’
এআই প্রতিষ্ঠানগুলো যেসব গাণিতিক সাফল্য অর্জন করেছে, তা গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানীদের যাচাই করে দেখার ওপর জোর দেন অ্যারনসন।
অন্যদিকে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সারের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক অ্যালান উডওয়ার্ড বলেন, ‘ক্রিপ্টোগ্রাফি নিয়ে কোনো গাণিতিক অগ্রগতি হলেই যে পরদিন বিশ্বজুড়ে বিশৃঙ্খলা তৈরি হবে, বিষয়টি তেমন নয়।’
তার মতে, কয়েক দশক ধরে রহস্যে ঘেরা সমস্যাগুলোর সমাধানে এআই যে গতিতে এগোচ্ছে, সেটিই এখন বড় পরিবর্তন। আর এর সম্ভাব্য পরিণতি হতে পারে গুরুতর।
তিনি আরও বলেন, ‘অ্যারনসন মূলত বলতে চাইছেন, হঠাৎ বড় কোনো অগ্রগতির খবর সামনে আসতে পারে—এজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। যারা দ্রুত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিজেদের ব্যবস্থা বদলাতে পারবে, তারা নিরাপদ থাকবে।’
চলতি সপ্তাহের শুরুতে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলিও নতুন এআই মডেল সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
এ বিষয়ে ওপেনএআই ও অ্যানথ্রপিকের সঙ্গে যোগাযোগ করেও কিছু জানতে পারেনি গার্ডিয়ান।

