Monday, July 13, 2026

দমের ‘রানী’ পূজা চেরি

Share

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দম’ সিনেমায় ‘রানী’ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হচ্ছেন পূজা চেরি। তার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো। 

রেদওয়ান রনি নির্মিত সিনেমাটি মাল্টিপ্লেক্সে সবচেয়ে বেশি শো পেয়ে ভালো চলছে। যারা সিনেমাটি দেখছেন, তাদের অনেকেই বিভিন্ন রিভিউতে পূজার অভিনয়ের প্রশংসা করছেন। 

আফরান নিশোর সঙ্গে তার রসায়ন জমেছে বলে জানিয়েছেন কেউ কেউ। সিনেমার রানী চরিত্রের জন্য নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন—এমনটা বলেছেন অনেক দর্শক।

 

পূজা চেরি বলেন, ‘দম শুধু আমার জন্য একটা সিনেমা নয়, এটা আমার জীবনের নতুন অধ্যায় বলতে পারেন। এই সিনেমায় অভিনয়ের পর অনেক কিছু বদলে গিয়েছে। আমার অভিনয় ক্যারিয়ারেও পরিবর্তন হয়েছে। এই সিনেমাটা যেন আমাদের জীবনেরই একটা আয়না—যেখানে ভাঙা স্বপ্ন আছে, চেপে রাখা কান্না আছে আর আছে নিজের সঙ্গে নীরব যুদ্ধ করার গল্প।’

 

তিনি আরও বলেন, ‘দম সিনেমাটি আমরা সবাই অনেক কষ্ট করে করেছি। পরিশ্রমটা সিনেমা যারা দেখছেন তারা বুঝতে পারছেন। এমন ঘটনার সিনেমা এর আগে বাংলাদেশের দর্শক দেখেনি। দম নিয়ে যে সাড়া পাচ্ছি, যে ভালোবাসা দিচ্ছে সবাই, মানুষের চোখে যে আবেগ দেখছি—সিনেমা নিয়ে তা সত্যি অতুলনীয়। আর আমাকে রানী করে গড়ে তুলতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পরিচালক রেদওয়ান রনি। তার শ্রম ছাড়া এটা সম্ভব হতো না।’

 

দেশে মুক্তির পর ‘দম’ সিনেমাটি আগামীকাল ২৭ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ায় প্রদর্শিত হবে।

‘দম’ সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তির তিন দিনে মাল্টিপ্লেক্সে ১ কোটি টাকার গ্রস কালেকশন করেছে।

স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে ৩৫টি শো চলছে সিনেমাটির। প্রতিটি শো হাউজফুল যাচ্ছে বলে জানা গেছে।

 

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত ‘দম’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর ও মো. সাইফুল্লাহ রিয়াদ।

Read more

Local News