Sunday, August 16, 2026

এপস্টিন কেলেঙ্কারিতে নাম আসা ‘প্রিন্স’ অ্যান্ড্রু গ্রেপ্তার

Share

সরকারি অফিসে দায়িত্ব পালনকালে অসততার অভিযোগে ব্রিটিশ রাজপরিবারের সদস্য এবং রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাজ্যের গণমাধ্যমের খবরে বলা হয়, লন্ডনের উত্তরে স্যান্ড্রিংহামে অবস্থিত মাউন্টব্যাটেন-উইন্ডসরের বাসভবনে যায় পুলিশ এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে টেমস ভ্যালি পুলিশ জানিয়েছিল, যুক্তরাষ্ট্রে দণ্ডিত কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের মাধ্যমে এক নারীকে যুক্তরাজ্যে পাচার করে মাউন্টব্যাটেন-উইন্ডসরের সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগ পর্যালোচনা করা হচ্ছে।

এ ছাড়া, যুক্তরাজ্যের বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এপস্টিনের সঙ্গে সংবেদনশীল তথ্য শেয়ার করেছিলেন বলেও অভিযোগ রয়েছে, যা নিয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে কয়েক মাস ধরে নিজ দেশে তীব্র সমালোচনার মধ্যে ছিলেন অ্যান্ড্রু। এই অভিযোগে তার প্রিন্স উপাধি ও সম্মাননাও বাতিল করেন বড় ভাই ও রাজা তৃতীয় চার্লস।

সম্প্রতি প্রকাশ্যে আসা এপস্টিন ফাইলের কিছু ই–মেইল থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, অ্যান্ড্রু ছাড়াও এপস্টিনের সঙ্গে তার সাবেক স্ত্রী সারা ফার্গুসন ও দুই মেয়ে প্রিন্সেস বিয়াট্রিচ ও ইউজিনির যোগাযোগ ধারণার চেয়েও অনেক বেশি ছিল।

তবে সাবেক প্রিন্স অ্যান্ড্রু সব সময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে এসেছেন। এ ছাড়া, এপস্টিন–সংক্রান্ত নথিতে নাম থাকা মানেই যে কেউ কোনো অপরাধে জড়িত ছিলেন, তা–ও নয়।

 

Read more

Local News